বিশেষ প্রতিবেদক: ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস-চেয়ারম্যান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও 'দৈনিক ভোরের আকাশ পত্রিকার' সাংবাদিক নিখিল মানখিন আর নেই। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে নিখিল মানখিন ' আজকের দৈনিক পত্রিকায়' বিশেষ প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা বিটে কাজ করেছেন।
নিখিল মানখিন গারো জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখেগেছেন। বিবাহের সূত্রে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। সেখানেই নিখিল মানখিনকে সমাহিত করা হবে। নিখিল মানখিন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টাার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও সাংবাদিকদের বেশ কয়টি সংগঠনের সদস্য ছিলেন তিনি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিখিল মানখিনের বন্ধু আনোয়ার মজুমদার। পরিবারের সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে বাসা থেকে কর্মস্থলে (দৈনিক ভোরের আকাশ) যেতে প্রস্তুত হচ্ছিলেন নিখিল মানখিন। তখন হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতি খারাপ হলে তাঁর শ্যালক তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানান, পথেই তিনি মারা গেছেন।
কর্মজীবনে তিনি দীর্ঘ সময় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় স্বাস্থ্য ও শিক্ষা বিটে রিপোর্টিং করেছেন। সর্বশেষ তিনি ভোরের আকাশ পত্রিকায় কর্মরত ছিলেন।
নিখিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।