• ঢাকা |

বান্দরবানে নানান আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


নিউজ প্রকাশের তারিখ : ৯ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাবুল খাঁন, বান্দরবান : সারা বিশ্বের মতো বান্দরবানেও নানান আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫।
শনিবার (৯ আগস্ট) বান্দরবান জেলা সদরের রাজার মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বব্যাপী আদিবাসীদের অধিকার, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও অবদানের স্বীকৃতি প্রদানে উদ্‌যাপিত হয়ে থাকে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল: “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগ”।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মূল আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, আদিবাসী চলচ্চিত্র নির্মাতা ও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, বান্দরবানের আহ্বায়ক ডা. মং ঊষাথোয়াই।

সভায় বক্তারা বলেন, “বিগত সরকারের সময় আদিবাসীদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সভা-সমাবেশ করতে দেওয়া হতো না। তথাকথিত পার্বত্য বীর তার আধিপত্য বিস্তার করে পাহাড়ের সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রেখেছিল।”
তারা আরও বলেন, “বর্তমান পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন পাহাড়ি জনগণ নতুন প্রাণ ফিরে পেয়েছে। নিজেদের অধিকার আদায়ে আদিবাসীরা আরও বেশি ঐক্যবদ্ধ ও সচেতন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এস মং, সম্মানিত সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। বিশেষ অতিথি ছিলেন: এহসান মাহমুদ, সাংবাদিক, কথাসাহিত্যিক ও নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময়।

খান আসাদুজ্জামান মাসুম, সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন।দীপায়ন খীসা, কেন্দ্রীয় সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।উইন মং জলি, সহসাধারণ সম্পাদক, জনসংহতি সমিতি।বক্তারা আশা প্রকাশ করেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তারা বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই আদিবাসীরা তাদের অধিকার ছিনিয়ে আনতে প্রস্তুত।