• ঢাকা |

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে: সাহসিকতা ও মেধার স্বীকৃতিতে ফায়ার সার্ভিসে উৎসবমুখর আয়োজন


নিউজ প্রকাশের তারিখ : ৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মুহাম্মাদ আবু হানিফ: আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি ফায়ার সার্ভিসকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্বব্যাপী সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় মহাপরিচালক তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং সম্প্রতি চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আগের নিয়োগের মতো ভবিষ্যৎ নিয়োগ কার্যক্রমও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সফল অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানান।
দরবারে উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তাদের মতামত শুনে মহাপরিচালক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
বেলা ১১টায় শুরু হওয়া দ্বিতীয় পর্বে সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ দেশব্যাপী নির্বাচিত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে সরাসরি ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
এছাড়া ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে সরাসরি ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয় এবং অন্যান্যদের নিজ নিজ বিভাগে সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। শেষে সম্মাননা প্রাপ্তদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মোঃ শহীদ আতাহার হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্প পরিচালকগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।