• ঢাকা |

উত্তরবঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল ‘একাশিয়ান বন্ধু সংগঠন’


নিউজ প্রকাশের তারিখ : ৯ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জাহিদ হাসান মিলু: উত্তরবঙ্গের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সংকটময় সময়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো একাশিয়ান বন্ধু সংগঠন (এসএসসি–১৯৮১ ব্যাচ)। শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রংপুর ও লালমনিরহাট জেলায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রংপুর জেলার ময়নাকুটি এলাকায় শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে উত্তরবঙ্গের এ কার্যক্রমের সমাপ্তি ঘটে। এর আগে ৮ জানুয়ারি বৃহস্পতিবার লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের দূরাকুটি ও ফুলগাছ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লালমনিরহাটে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আয়নাল হক। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন, ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক লক্ষীকান্ত বর্মন, লাল তীর সিড লি.-এর ব্যবস্থাপক আবু হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে রংপুর জেলার ময়নাকুটিতে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সিড লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, একাশিয়ান বন্ধু সংগঠনের সদস্য ও উত্তরবঙ্গে কম্বল বিতরণ কার্যক্রমের কনভেনর ডক্টর ইসরাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাশিয়ান কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, পঙ্কজ বণিক, স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, লাল তীর সিড লি.-এর ব্যবস্থাপক শামসুল আলমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাশিয়ান বন্ধু সংগঠনের পঙ্কজ বণিক বলেন, আমরা প্রত্যেকেই ষাটোর্ধ্ব। ভালো কাজের মধ্য দিয়েই আমরা ভালো থাকতে চাই এবং সাধ্যমতো আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করছি।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইসরাত হোসেন উত্তরবঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র বিতরণের সুযোগ দেওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একাশিয়ান একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। নিজেদের মধ্যে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং সবাইকে নিয়ে ভালো থাকাই একাশিয়ান গঠনের মূল লক্ষ্য।

তিনি স্থানীয় মুরুব্বি ও শীতার্ত মানুষের অনুরোধের প্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়টি একাশিয়ান এডমিন প্যানেলের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে মাস্টার মাহবুবুর রহমান পবিত্র কোরআন শরীফের আয়াত উদ্ধৃত করে এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একাশিয়ান বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা একাশিয়ান বন্ধুদের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন। একইসঙ্গে অতিথিবৃন্দও ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরে একাশিয়ান বন্ধু সংগঠন (এসএসসি–১৯৮১ ব্যাচ) দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৫ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।

এই মহৎ উদ্যোগে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন ডক্টর আলমগীর হোসেন, ডক্টর একেএম সরোয়ার জাহান জামিল, মেজর (অব.) ইউসুফ ইকবাল, একাশিয়ান এডমিন প্যানেল এবং অন্যান্য একাশিয়ান সুহৃদ বন্ধুরা।