• ঢাকা |

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ৩ নারী


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে র‍্যাব-১৩। অভিযানে ফেনসিডিল সমগোত্রীয় মাদক ‘ফেয়ারডিল’-এর একটি বড় চালান উদ্ধার করা হয়েছে এবং তিনজন নারীকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ৫ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে রংপুর সিপিএসসি অধীনস্থ র‍্যাব-১৩-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি কাকিনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল মার্কেট সংলগ্ন আলহাজ আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়কে পরিচালিত হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ঘটনাস্থল থেকেই তিন নারীকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

স্থানীয়দের মতে, র‍্যাবের এমন কার্যক্রমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরছে।