ফারুক আহমেদ, মাগুরা: মাগুরায় মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু আয়েশা নূরকে ফরিদপুরের কামারখালী টোল প্লাজা এলাকা থেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের উদ্যোগে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দ্রুত তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়।
আয়েশা নূর মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে শিশুটিকে উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে মাগুরা জেলা পুলিশ।
পুলিশের বিভিন্ন ইউনিটের তৎপরতায় একপর্যায়ে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে আয়েশা নূরের সন্ধান পাওয়া যায়। পরে তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করায় মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আয়েশার পরিবারের সদস্যরা।
এদিকে, শিশুটিকে উদ্ধারের পর সোমবার দুপুর ২টায় মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুর রহমান জানান, প্রথমে ঘটনাটি তার দৃষ্টিগোচর হয়। পরে তিনি বিষয়টি মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে অবহিত করেন। পুলিশ সুপার বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলিশের তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
শিশু নিখোঁজের ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে আয়েশার পরিবারে।