ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ঐতিহ্যবাহী রহমানীয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সসাস-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের দুই শতাধিক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সভাপতি সাইফুল্লাহ মানসুর।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই এই মাসের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক শরীফ আব্দুল গোফরান, কবি মোশাররফ হোসাইন খান, বিশিষ্ট কবি ও গীতিকার জাকির আবু জাফর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাইফুল আরেফিন লেলিন, সসাসের সাবেক নিবার্হী পরিচালক মোস্তফা মনোয়ার এবং আব্দুল্লাহ আল নোমান।
অতিথীরা সুস্থ ও আদর্শিক সংস্কৃতির বিকাশে সসাস-এর ভূমিকার প্রশংসা করেন এবং রমজানের শিক্ষাকে শিল্প-সাহিত্যে ফুটিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।