রোববার (২০ জুলাই) সকালে সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা এবং নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেন তিনি।
ড. ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ সময় ধরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা সদস্যদের নিরবিচ্ছিন্ন ভূমিকা রয়েছে। এই অব্যাহত সহযোগিতার জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা—বিশেষ করে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের স্মরণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম পর্বের এই নির্বাচনী পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।