• ঢাকা |

উসকানি এড়িয়ে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের


নিউজ প্রকাশের তারিখ : ২৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ:গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ সফল করতে হবে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে কর্মসূচি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বও বণ্টন করা হয়েছে। কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক চলছে এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জামায়াতের এই নেতা দাবি করেন, লংমার্চকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন।

বৃহৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, লংমার্চের বহর মহাসড়কের একটি অংশ দিয়ে চলাচল করবে এবং অপর অংশ দিয়ে সাধারণ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও কোথাও সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে তিনি এ জন্য আগাম দেশবাসীর কাছে ক্ষমা চান।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ আগস্ট সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের নেতারা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি। ওই বৈঠকে লংমার্চের সম্ভাব্য রুট, পথসভা এবং কর্মসূচির বিভিন্ন স্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই কর্মসূচি সফল করবে—এমন প্রত্যাশা তাদের।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।