বেরোবি প্রতিনিধি: দীর্ঘদিন স্থগিত থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর নির্মাণাধীন ছাত্রী হল ও ‘ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’-এর কাজ পুনরায় শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য শওকাত আলী আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় অনিয়মের অভিযোগে প্রকল্পটির কাজ স্থগিত করে দেয়। এ-সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন-এ একটি মামলা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর স্থবির হয়ে থাকা দশতলা বিশিষ্ট ছাত্রী হল এবং দশতলা বিশিষ্ট ড. এস. এম. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবনের কাজ পুনরায় চালুর জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।আবেদনের প্রেক্ষিতে তিনি তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে কাজ পুনরায় চালুর নীতিগত অনুমোদন দেন।তারা নির্দেশনা দেন, ইতোমধ্যে সম্পন্ন অংশগুলো কীভাবে ব্যবহারোপযোগী করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
উল্লেখ্য, ভবনগুলোর নামকরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত হবে। তবে বিভিন্ন মহল থেকে দেশনেত্রী খালেদা জিয়া-এর নামে ছাত্রী হলের নামকরণের প্রস্তাব করা হয়েছে।