• ঢাকা |

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

পায়েল আহমদ মৌলভীবাজার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, “আমরা সরকারে আসছি বলে ছয়মাসও যায়নি, এখনও মনে করতে পারেন আমরা বোধহয় ঘরে বসে আছি, আমরা ঘরে বসে নেই। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যখনই কোনো নৈরাজ্য সৃষ্টি করা হবে, তখনই আমরা রাজপথে নেমে মোকাবিলা করার জন্য আমরা সচেষ্ট আছি।

তিনি বলেন, “ফ্যাসিস্ট ফ্যাসিস্টই। ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট আর কোনদিনই ফেরত আসবে না। বিএনপি সবসময় রাজপথে ছিল, রাজপথের সৈনিক। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা রাজপথেই থাকবো।

ফয়জুল করিম ময়ূন আরও বলেন, “জনগণের শক্তির ওপর বিএনপি রাজনীতি করে। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদের সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন—ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, থাকব।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “দেশের বিরুদ্ধে যারা অস্থিতিশীল করতে ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট।

তিনি বলেন, “আমরা বিগত সতেরো বছর নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ সবাইকে আমরা এককভাবে মোকাবেলা করেছি।

রিপন আরও বলেন, “জনগণকে সাথে নিয়ে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন যেভাবে মাঠে রয়েছে, এদেরকে মোকাবিলা করার জন্য আমাদের কোনো ধরনের চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখিনা।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই—আসি আসি বলে আসেন নাই। পালাবো না পালাবো না বলে পালিয়েছেন।”

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের উদ্দেশ্যে রিপন বলেন, “আপনাদের (ফ্যাসিস্টদের) মৌলভীবাজার শহরে পাঁচ মিনিট অবস্থান নেয়ার সক্ষমতা নাই।”

সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকিদুর রহমান সোহান বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলই যথেষ্ঠ এই সব ফ্যাসিবাদীদের রাজপথে মোকাবিলা করার জন্য। ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে, যাতে এই ফ্যাসিবাদীরা আবারও এই দেশে আগুন সন্ত্রাস কার্যক্রম চালাতে না পারে।”

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” জেলে ভর, লীগ ধর” ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশ আর হবে না” “আওয়ামী লীগের গোন্ডারা হুঁশিয়ার সাবধান”**সহ বিভিন্ন স্লোগান দেন। এসব স্লোগানে পুরো মিছিলটি প্রতিবাদমুখর হয়ে ওঠে।

মিছিলে অংশ নেন—মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি মামুন পারভেজ, আবিদুর রহমান, জামাল আহমদ, জুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সোহাগ আহমেদ, আবদুল্লাহ আল মাহফুজ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমেদ, জুনেদ আহমেদ, মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, সদস্য সচিব সুলতান আহমদ টিপু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেছার তালুকদার সামি, মকলেছুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রের প্রচেষ্টা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।