সৈয়দ আতিক, গাজীপুর: আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলীয় আনুগত্যের পুরস্কার পেলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক নেতা মো: সালাহউদ্দিন সরকার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা এবং মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেয়া হয়। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী এ পদে যোগদানের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সালাহউদ্দিন সরকার জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, সাবেক গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও আলোচনায় ছিলেন সালাহউদ্দিন সরকার। গাজীপুর-২ আসনে প্রথমে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। পরে বৈধ প্রার্থী হওয়া সত্ত্বেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন সরকার সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য এবং নির্বাচনী রাজনীতিতে দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।