• ঢাকা |

র‍্যাগিংয়ের ঘটনায় বেরোবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার 


নিউজ প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ আল আমিন, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‍্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, র‍্যাগিং এবং যৌন নিপীড়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমরা ২৪ ঘণ্টার নোটিশে একটি তদন্ত কমিটি গঠন করি এবং তাদের রিপোর্ট অনুযায়ী শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে র‍্যাগিংয়ে জড়িত থাকায় আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষ এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। 
বাকি ৯ শিক্ষার্থী- মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এর আগে ২৩  নভেম্বর রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ছাদে বাংলা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচয়ের কথা বলে ডেকে নিয়ে র‍্যাগিং করে এবং দ্বীন ইসলাম নামের এক শিক্ষার্থীকে কানে থাপ্পড় মারে। এরই প্রেক্ষিতে হলের প্রভোস্ট তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি বুধবার ১১টায় মিটিংয়ের মাধ্যমে তাদের এই শাস্তি নিশ্চিত করেন, যা সিন্ডিকেট সম্মতি প্রকাশ করেন।