• ঢাকা |

‘জনআকাঙ্খার বাংলাদেশ’গঠনের দাবি জাতীয় ইনসাফ পার্টির


নিউজ প্রকাশের তারিখ : ১৮ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কারসহ জনআকাঙ্খার বাংলাদেশ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি (বিএনজেপি)। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মোছলেহ উদ্দিন। তিনি বলেন, “গত ৫ আগস্ট ২০২৪, দেশের জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী ক্ষমতাসীন দলের পতন হয়েছে। দলীয় প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্য দিয়ে প্রায় দেড় যুগের দুঃশাসনের অবসান ঘটেছে। কিন্তু আন্দোলনে অংশগ্রহণকারী ও শহিদদের পরিবারের জন্য আজও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

তিনি আরও বলেন, “বিগত এক বছরে সংস্কার দেখিয়ে প্রকৃতপক্ষে কী পরিবর্তন এসেছে? কোন খাতে কী ধরনের সংস্কার হয়েছে?” একই সঙ্গে উপদেষ্টা পরিষদের প্রতি রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক ও শিক্ষাখাতে সুদূরপ্রসারী ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির মহাসচিব এস এম আব্দুল লতিফ। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়াভিত্তিক অনুশাসনেই এ রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।”

ছাত্র-তরুণদের নেতৃত্বে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকে ‘নবজাগরণ’ আখ্যা দিয়ে, এতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে রিমান্ডে অমানবিকতা, গায়েবি মামলা, গুম, ক্রসফায়ার, গোপন গ্রেফতারসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর অবসান দাবি করা হয়। একই সঙ্গে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে গোয়েন্দা সংস্থার ‘খামখেয়ালী হস্তক্ষেপ’ বন্ধের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযৌক্তিক শর্ত আরোপ করে রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার খর্ব করা চলবে না। নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ২০১৪ সালের ‘ফ্যাসিবাদী’ আইন বাতিল বা সংস্কারের দাবি জানানো হয়। নির্বাচন কমিশনার হওয়ার বয়সসীমা ৫০ থেকে কমিয়ে ৩৫ বছরে নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি ২০০৬ সালের ২ জুন ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ নামে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ২ জুন দলটি ‘বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি (বিএনজেপি)’ নামে আত্মপ্রকাশ করে এবং নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে (সিরিয়াল নং: ৩৮৮১)। দলটি ইতোমধ্যে জাতীয় নির্বাচনের জন্য ১০০টি আসনে প্রার্থী নির্ধারণ করেছে এবং স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাওলানা মো. গোলাম আযম। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মোছলেহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদী

বাংলাদেশ মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফখরুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সাংবাদিক মো. আবদুল অদুদ

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ মাদানী

উপদেষ্টা আলহাজ মো. আলাউদ্দিন সরকার

ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. ইলিয়াস হোসাইন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এএসপি এম এ রাজ্জাক

আহলে হাদীস ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক এবং তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল মোমেন।