নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মালেক।
জামায়াতের দ্বিবার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি দুই বছর পর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান উপজেলা কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর জেলা সংগঠনের উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনরা ২০২৭-২০২৮ সেশনের জন্য মুলাদী উপজেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।
শুক্রবার (২০ নভেম্বর) মুলাদীতে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেককে শপথবাক্য পাঠ করান।
প্রসঙ্গত, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলটির নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। দলীয় বিধান অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না; পদ পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হন।
সদ্য বিদায়ী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ ইতোমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুল মালেক এর আগে পর্যায়ক্রমে মুলাদী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি এবং সর্বশেষ নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর গ্রামের বাড়ি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে। পেশাগত জীবনে তিনি মুলাদী উপজেলার রামারপুল ডি.এস. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।