মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ার সদর উপজেলার কৈপাড়া এলাকায় অবস্থিত অবৈধ শিশুখাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান “মদিনা ফুড প্রোডাক্টস”-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ সোমবার জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে—
১) মিষ্টি কারখানার উপজাত হিসেবে পরিত্যক্ত সিরা/গাদ ব্যবহার করে শিশুখাদ্য ‘সন্দেশ’ তৈরি করা হচ্ছিল;
২) অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল;
৩) অনুমোদনহীন লেবেল ব্যবহার করে শিশুখাদ্য মোড়কজাত করা হচ্ছিল।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে “মদিনা ফুড প্রোডাক্টস”-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ অনিরাপদ শিশুখাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া জেলা কার্যালয় এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অবৈধ ও অনিরাপদ খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।