আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-০৬ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা, উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি ওলামাদল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা পর্যায়ের নেতৃবৃন্দও মাঠ পরিদর্শনে অংশ নেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ জনসভা সফল করতে পৃথক বৈঠকে বিস্তারিত আলোচনা করেন। মঞ্চ নির্মাণ, সাংবাদিক গ্যালারি স্থাপন, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।
এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও পুরাতন ট্রাংক রোডের পাশে অবস্থিত ফুলতলী স্টেডিয়ামের বিশাল মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ জনসভা হবে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বাস্তব চিত্র।
তিনি আরও বলেন, মাঠের দক্ষিণ পাশে প্রধান মঞ্চ এবং তার পাশেই সাংবাদিকদের জন্য পৃথক গ্যালারি নির্মাণ করা হবে। মঞ্চ নির্মাণের জন্য ইতোমধ্যে খুঁটি গাঁথার কাজ সম্পন্ন হয়েছে। জেলা বিএনপির যৌথসভাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক প্রস্তুতি সভা চলমান রয়েছে। জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাঠ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি ওয়াসিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সেক্রেটারি ওমর ফারুক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু।