• ঢাকা |

৪২ বছরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গৌরব উদযাপন: সেরাদের সম্মাননা


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ উদযাপন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই হাজার সফল উন্নয়নকর্মী, বীমা শিল্পের প্রতিনিধি এবং আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোম্পানির ব্যবসা সম্প্রসারণে উন্নয়ন কর্মকর্তাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীমা দাবি দ্রুত পরিশোধ, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার প্রদর্শন করা হয়। এ উপলক্ষে প্রধান অতিথিসহ অতিথিরা উৎসবমুখর পরিবেশে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর। পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া প্রধান, জোন প্রধান এবং সফল বীমাকর্মীদের হাতে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে। এ ধরনের আয়োজন কর্মকর্তাদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।