এমএম রহমাতুল্লাহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা। জুলাইকে অস্বীকার করা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করার শামিল। তিনি বিএনপিকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে আহ্বান জানান।
মঙ্গলবার (১০ মার্চ) চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে।
জামায়াত নেতা রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আল্লাহ রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ করেননি। বরং রোজা আমাদের পূর্ববর্তী সকল জাতি-গোষ্ঠী ও গোত্রের জন্য রোজা ফরজ ছিল।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী হাফেজ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।