মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে ৫৩ ও ৫৯ বিজিবির অধীন সব বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিয়ে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। বিজিবির বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।