এমএম রহমাতুল্লাহ: নিরাপদ ঈদযাত্রা, কোরবানিaর বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে ভিন্নমত দমনে সহিংসতার সমালোচনা করে দলটি বলেছে, “ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।”
রোববার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আহ্বানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানানোর ঘটনায় দল কৃতজ্ঞ। তবে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত থাকার কারণ হিসেবে তিনি বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজি—এসব অপরাধ পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র যদি এসব অপরাধচক্রের রাজনৈতিক ও সামাজিক ভিত্তিকে আমলে না নেয়, তাহলে নতুন নতুন রামিসার জন্ম হতে থাকবে।”
তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে, যার উদ্বেগজনক নজির ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবি পার্টি মনে করে, রাজনৈতিক মতপার্থক্য কখনোই হামলা বা রক্তাক্ত সংঘর্ষের পর্যায়ে যেতে পারে না। একই সঙ্গে রাজনৈতিক সমালোচনায় সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
ফুয়াদ বলেন, “বিরোধী দলের কাজই সরকারের সমালোচনা করা। সেটি গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে।”
ঈদকে সামনে রেখে নিরাপদ সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, প্রতিবছর কোটি মানুষ ঈদযাত্রায় বাড়ি ফিরলেও নিরাপদ পরিবহন ব্যবস্থার অভাবে শত শত মানুষ প্রাণ হারান এবং হাজারো মানুষ আহত হন।
কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবিও পুনর্ব্যক্ত করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বলা হয়, পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণ ব্যবস্থার কারণে প্রতিবছর পরিবেশ দূষণ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
ইসলামের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের চেতনাকে ধারণ করে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কোরবানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনগুলোর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় দলটি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।