• ঢাকা |

শিবগঞ্জে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন, ১০০ টাকায় মিলবে চোখের চিকিৎসা


নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চক্ষু হাসপাতালের একটি উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার পাশাপাশি পদ্মার চরাঞ্চলের মানুষের জন্য স্বল্প খরচে চক্ষু চিকিৎসা সহজলভ্য হবে বলে আশা সংশ্লিষ্টদের।

শনিবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জের ওয়াটার সাপ্লাই মোড়ে ফিতা কেটে উপকেন্দ্রটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হাকিম, আদিনা ফজলুর হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক ডা. মামুন কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ সহজে চক্ষু চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন এই উপকেন্দ্র চালুর ফলে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন সাধারণ মানুষ।

তারা আরও বলেন, শিবগঞ্জ উপজেলা এবং পদ্মার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে এই উপকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কমিয়ে তাদের উন্নত সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি কার্যকর অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।