নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মানবাধিকার ও সমাজ উন্নয়নকর্মী মো. খায়েরুল ইসলামের বোনের বাসায় হামলা, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে রায়েরবাজার সুলতানগঞ্জ রোডের ১২২/এ/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। খায়েরুল ইসলাম ‘ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর একজন সক্রিয় সদস্য।
পরিবারের সদস্যদের দাবি, ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ভবনে প্রবেশ করে এবং নিরাপত্তাকর্মী আরিফ হোসেনের বাধা উপেক্ষা করে পঞ্চম তলায় উঠে যায়। এ সময় তারা অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে এবং বাসার দরজায় বারবার কলিং বেল দিয়ে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। এতে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বাড়ির মালিক জয়নাল আবেদিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন খায়েরুল ইসলামের বোন আমেনা আক্তার, তাঁর স্বামী মো. আবদুল লতিফ ও পরিবারের অন্য সদস্যরা।
আমেনা আক্তার অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর ভাই খায়েরুল ইসলাম ও ভাবি মাইয়িশা মুনারাকে খুঁজতে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
মো. আবদুল লতিফ বলেন, খায়েরুল ইসলাম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী, সমকামীদের অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ একটি উগ্রপন্থি গোষ্ঠী তাঁদের টার্গেট করেছে বলে তাঁদের ধারণা।
তিনি আরও বলেন, হামলাকারীরা তাঁকে পঙ্গু করে দেওয়া এবং সন্তানদের হত্যার হুমকি দিয়েছে। এ সংক্রান্ত অডিও রেকর্ড তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। নিরাপত্তার শঙ্কায় পরিবারটি থানায় মামলা করতেও ভয় পাচ্ছে বলে জানান আবদুল লতিফ।
মুঠোফোনে খায়েরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে অতীতেও তিনি ও তাঁর পরিবার একাধিকবার হামলা ও হুমকির শিকার হয়েছেন। সর্বশেষ তাঁকে না পেয়ে তাঁর বোনের বাসায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।