মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অনুমোদনবিহীনভাবে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, মানসম্মত খাদ্য পরিবেশন না করায় আল সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার, সড়কে শৃঙ্খলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।