নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতেই সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া জনরায় উপেক্ষা করে সরকার প্রকৃত রাষ্ট্র সংস্কার থেকে সরে এসেছে এবং পুরোনো ফ্যাসিবাদী ধারাকে পুনঃপ্রতিষ্ঠার পথে হাঁটছে।
শুক্রবার দুপুরে রাজধানীর মহানগরীর হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত ‘নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলবুল বলেন, যারা নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতায় এসেছে, তারাই এখন গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “সরকার যদি সত্যিই জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক হয়, তবে সরকারদলীয় সংসদ সদস্যরা কেন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি?”
তিনি আরও বলেন, জনগণ সংস্কার ও পরিবর্তন চাইলেও সরকার সে পথে না গিয়ে সর্বস্তরে দলীয়করণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল এবং আর্থিক খাত নিয়ন্ত্রণের মাধ্যমে নতুন করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতন্ত্র ও জনগণের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে বুলবুল বলেন, “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। পরিস্থিতি যত কঠিনই হোক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না।” তিনি সমাজ পরিবর্তনের জন্য ব্যক্তিগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নেতৃত্বে সততা ও আদর্শিক দৃঢ়তা ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সংঘাত বা সংঘর্ষের পথ এড়িয়ে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। এ ক্ষেত্রে সরকার আন্তরিক হলে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিন এবং শাহজাহানপুর পশ্চিম থানা আমীর সারোয়ার হোসেন। শিক্ষাশিবিরে মতিঝিল-শাহজাহানপুর জোনের বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।