গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট দূর ও তরুণ চিকিৎসকদের সেবামুখী হওয়ার আহ্বান, স্বাস্থ্য খাতে দলীয়করণ বন্ধের তাগিদ
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার আমূল সংস্কার এবং সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল প্রত্যাশিতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সবার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসকের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ অপ্রশিক্ষিত বা হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সেবা করার মানসিকতা গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গ্রামে গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কোনো কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ ধরনের প্রবণতা পরিবর্তন করা প্রয়োজন।
রাষ্ট্রপতির মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও শহরের বাসিন্দাদের মতো চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রাখেন। তাই চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর অনেকটাই সহজে সমাধান করা সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে সবকিছু পাল্টে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া দরকার। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে পেশাজীবীদের মধ্যে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনকে ইতিবাচক ও অর্থবহ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সার্বজনীন, বৈষম্যহীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দাঁতের চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ (স্যুভেনির) উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো আয়োজনের মধ্য দিয়ে দেশের দন্তচিকিৎসা খাতের পেশাগত উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।