• ঢাকা |

অগ্নিসংযোগ-বোমা হামলা রোধে সরকারের নিষ্ক্রিয়তা পুরোনো রাজনীতিরই বহিঃপ্রকাশ: এবি পার্টি নেতা


নিউজ প্রকাশের তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

হাসিনার দেশে ফেরা রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়: ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান
গাজীপুর সংবাদদাতা: 
অগ্নিসংযোগ ও বোমা হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা এবং কথিত নিষ্ক্রিয়তা পুরোনো রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।
তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় নয়; এটি বিচার ও জবাবদিহির বিষয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক মশাল মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালেক বাড়ি থেকে শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।

নোমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে একজন সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে।

তিনি অভিযোগ করেন, দুবাই, ভারত ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছেন। বিদেশে বসে নির্দেশনা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আগুন, ভাঙচুর ও সন্ত্রাসের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের অধিকার সবার থাকবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের জানমাল ধ্বংস করার কোনো সুযোগ নেই।

সরকারের প্রতি নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এবি পার্টির এই নেতা বলেন, নাশকতা প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের সমালোচনা করে নোমান বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ড থেকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সেখানে উল্টো সরকারকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের তুচ্ছতাচ্ছিল্য করার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মনোভাব পুরোনো রাজনীতির ধারাবাহিকতারই ইঙ্গিত দেয়।

গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া, সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ, সাংস্কৃতিক সহসম্পাদক আব্দুর রব জামিল, এবি স্বেচ্ছাসেবী পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, গাজীপুর জেলা ও মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মঈনুল ইসলাম, কালিয়াকৈর থানা এবি পার্টির আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম এবং দলের কেন্দ্রীয় সদস্য ডা. আশরাফুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা।

এ ছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম মণ্ডল, সিদ্দিকুর রহমান, রাজীব হাসান খান সেতু, মো. হারুন হাওলাদার, মো. রওশন আলী, মো. মনির হোসেন, হালিমা আক্তার রিমা, মরিয়ম বেগম এবং যুব পার্টির নেতা শান্ত ও রাব্বীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।