• ঢাকা |

লাইলাতুল কদর বা মহিমান্বিত ভাগ্য রজনী


নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: আবু বক্কার সিদ্দিক জনি
প্রকৃতির অমোঘ নিয়মে প্রতি বছর ফিরে আসে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসটি যখন তার শেষ দশকে এসে দাঁড়ায়, তখন মুমিনের হৃদয়ে এক অদ্ভুত ব্যাকুলতা জাগে। এই ব্যাকুলতা এক মহিমান্বিত রজনীকে কাছে পাওয়ার, যার নাম ‘লাইলাতুল কদর’ বা ‘মহিমান্বিত ভাগ্য রজনী’। এটি কেবল একটি রাত নয়, বরং আধ্যাত্মিক জাগরণ, আত্মশুদ্ধি এবং পরম করুণাময়ের সান্নিধ্য লাভের এক মহিমান্বিত শুভক্ষণ। এই রাতে আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন বান্দার ডাক শোনার জন্য। কে কী চায় সেটা দেওয়ার জন্য তিনি তাঁর ভাণ্ডারের সবকিছু উন্মুক্ত করে দেন। প্রত্যেককে তার চাহিদা অনুযায়ী ভাগ্য লিপিবদ্ধ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরা আদ-দুখানের চার নম্বর আয়াতে বলেছেনÑ “সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরীকৃত হয়।”
কদরের আভিধানিক ও তাত্ত্বিক বিশ্লেষণ:
‘কদর’ শব্দের অর্থ মহিমা, সম্মান, মর্যাদা ও পরিমাপ। ইসলামি চিন্তাবিদদের মতে, এই রাতের নামকরণ ‘কদর’ হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত; দ্বিতীয়ত, এই রাতে মহাজাগতিক পরিমাপে মানুষের আগামী এক বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের নিকট হস্তান্তর করা হয়। কুরআনুল কারিমে বলা হয়েছে, “এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।” (সূরা আদ-দুখান: ৪)
এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জাকারিয়াতে বলা হয়েছেÑ “ইবনে আব্বাস (রা.) বলেন, এর অর্থ কুরআন অবতরণের রাত্রি অর্থাৎ শবে কদরে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে কদর পর্যন্ত এক বছরে সংঘটিত হবে। অর্থাৎ এ বছর কারা কারা জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে এবং এ বছর কী পরিমাণ রিজিক দেওয়া হবে।” মাহদভী বলেনÑ“এর অর্থ এই যে, আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরে পূর্বাহ্নে স্থিরীকৃত সকল ফয়সালা এ রাত্রিতে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে অর্পণ করা হয়। কেননা, কুরআন ও হাদিসের অন্যান্য বর্ণনা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাআলা এসব ফয়সালা মানুষের জন্মের পূর্বেই সৃষ্টিলগ্নে লিখে দিয়েছেন।” অতএব, এ রাত্রিতে এগুলোর স্থির করার অর্থ এই যে, যে ফেরেশতাগণের মাধ্যমে ফয়সালা ও তাকদির প্রয়োগ করা হয়, এ রাত্রিতে সারা বছরের বিধানাবলি তাঁদের কাছে অর্পণ করা হয়। ইবনে আব্বাস (রা.) বলেন, “তুমি কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে অথচ তার নাম মৃতদের তালিকায়। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করে বললেন, প্রতি বছরই এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়।” (মুস্তাদরাকে হাকিম: ২/৪৪৮-৪৪৯)
যারা সূরা দুখানের লাইলাতুল মুবারাকাকে শবে বরাত বা ১৫ শাবান বলেন, এই আয়াতে সেই বিভ্রান্তিরও নিরসন করা হয়েছে। কারণ কুরআন শবে বরাতে বা ১৫ শাবানে নয়, লাইলাতুল কদরে বা রমজানেই নাযিল হয়েছে। আর লাইলাতুল মুবারাকা বলে লাইলাতুল কদরকেই স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব:
লাইলাতুল কদরের অবতারণা ঘটেছিল সাহাবায়ে কেরামের এক আধ্যাত্মিক ব্যাকুলতা থেকে। ইবনে জারির বর্ণনা করেছেন, একবার রাসুলুল্লাহ (সা.) বনি ইসরাইলের এক সাধক পুরুষের বিষয়ে সাহাবাদের মজলিশে আলোচনা করেছিলেন। তিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। আর সকাল হতেই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেরিয়ে পড়তেন এবং সারা দিন জিহাদে কাটাতেন। এভাবে তিনি দীর্ঘ এক হাজার মাস কাটিয়ে দেন। এ ঘটনার পাশাপাশি পূর্বের নবি-রাসুল ও তাঁদের অনুসারীদের দীর্ঘ হায়াতি জীবনের ইবাদতের বিবরণ শুনে স্বল্প হায়াতের সাহাবায়ে কেরাম (রা.) খুবই আশ্চর্য হয়ে পড়েন এবং আফসোস করতে থাকেন। সাহাবায়ে কেরামদের (রা.) এই আফসোসের কারণে নবি করিম (সা.) নিজেও ব্যথিত হন। এ সময়ে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে জানিয়ে দেন, পূর্ববর্তী উম্মতের চাইতে শেষ জামানার স্বল্প হায়াতের মুমিনদের মর্যাদা কম নয় বরং আরও বেশি। এক হাজার মাসের ইবাদতের চেয়ে উম্মতে মুহাম্মাদীর এক রাতের ইবাদতের মর্যাদা অনেক বেশি যদি তারা সেটা অর্জন করতে পারে।
কুরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক:
রমজান মাসের লাইলাতুল কদরের মাহাত্ম্য মূলত আল-কুরআনের কারণে। আকাশ ও পৃথিবীর মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে এই রাতেই কুরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেনÑ “রমজান মাসে কুরআন নাযিল করা হয়েছে।” (সূরা আল-বাক্বারাহ: ১৮৫) আবার সূরাতুল কদরের প্রথম আয়াতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেনÑ “নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে।” এ আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে, কুরআন পাক লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এই যে, সমগ্র কুরআন লাওহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে, অতঃপর জিবরাইল (আ.) একে ধীরে ধীরে তেইশ বছর ধরে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ এই যে, এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কুরআন অবতরণের ধারাবাহিকতা সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কুরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণ তেইশ বছরে নাযিল করা হয়। (আদওয়াউল বায়ান) মুফাসসিরগণের মতে, কুরআনের সংস্পর্শে এসে একটি সাধারণ রাত যেমন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে উঠেছে, তেমনি একজন সাধারণ মানুষ যদি এই রাতে এবং পূর্ণ হায়াতে জিন্দেগিতে কুরআনের আদর্শকে নিজের জীবনে ধারণ করার শপথ নেয়, তবে তার জীবনের মানও সাধারণ থেকে অসাধারণে উন্নীত হবে আশা করা যায় ইনশাআল্লাহ।
ফেরেশতাদের আগমনের গূঢ় রহস্য:
সূরা কদরের চার নম্বর আয়াতে বলা হয়েছে, ‘‘সে রাতে ফেরেশতাগণ ও রুহ (জিবরাঈল আ.) অবতীর্ণ হন।’’ জিবরাঈল (আ.)-এর শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কারণে সমস্ত ফেরেশতা থেকে আলাদা করে তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাঁর সাথে অন্যান্য ফেরেশতারাও সে রাত্রিতে অবতরণ করেন। (ফাতহুল কাদির) হাদিসে আছে, “লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতরণ করে যে, তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি।” (মুসনাদে আহমাদ: ২/৫১৯, মুসনাদে তায়ালাসী: ২৫৪৫) মানুষ সৃষ্টির সময় ফেরেশতারা যে সংশয় প্রকাশ করেছিলেন, আল্লাহ তাআলা কদরের রাতে ফেরেশতাদের পৃথিবীতে পাঠিয়ে সেই সংশয়ের জবাব দেন। কোটি কোটি ফেরেশতা যখন দেখেন সারা বিশ্বের মুমিনরা আল্লাহর প্রেমে অশ্রু বিসর্জন দিচ্ছে, তখন তাঁরা লজ্জিত হয়ে মুমিনদের জন্য শান্তি ও ক্ষমার দোয়া করতে থাকেন। এটি মূলত মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক আধ্যাত্মিক প্রদর্শনী।
ক্ষমার মনস্তাত্ত্বিক ও পরকালীন প্রভাব:
হাদিসে এসেছে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (বুখারী: ১০৯১, মুসলিম: ৭৬০) এখানে ঈমান ও সওয়াবের আশা শব্দ দুটি গুরুত্বপূর্ণ। এটি কেবল রাত জাগার নাম নয়, বরং বিশ্বাসের বিশুদ্ধতা ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের জীবনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া। এই ক্ষমা কেবল পরকালীন মুক্তি নয়, বরং ইহকালেও একজন মানুষকে পাপের গ্লানি থেকে মুক্ত করে নতুনভাবে জীবন গড়ার মানসিক শক্তি জোগায়। লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের তিন নম্বর আয়াতে বলেছেনÑ “লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।” মুফাসসিরগণ এর অর্থ করেছেন, এ রাতের সৎকাজ কদরের রাত নেই এমন হাজার মাসের সৎকাজের চেয়ে ভালো। (মুয়াসসার) এ শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসেও বিস্তারিত বলা হয়েছে। হাদিসে এসেছে, রমজান আগমনকালে রাসুলুল্লাহ (সা.) বললেন, “তোমাদের নিকট রমজান আসন্ন। মুবারক মাস। আল্লাহ এর সওম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো।” (নাসায়ী: ৪/১২৯, মুসনাদে আহমাদ: ২/২৩০, ৪২৫)
অনির্ধারিত রাতের রহস্য ও ইতিকাফ:
লাইলাতুল কদরকে নির্দিষ্ট কোনো রাতে প্রকাশ করার পেছনে গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে। এ সম্পর্কিত হাদিসসমূহ বিশ্লেষণ করে জানা যায় যে, নবি করিম (সা.) নির্ধারিত রাত বিষয়ে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখেন যে, দুজন ব্যক্তি লাইলাতুল কদরের রাত নিয়ে তর্ক করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাঁর স্মৃতি থেকে সে বিষয়টি দূর করে দেন। এতে তিনি বলতে ভুলে যান। যেমন বিষয়টি হাদিসে বর্ণিত হয়েছেÑ “উবাদা ইবনুস সামিত (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবি করিম (সা.) আমাদেরকে লাইলাতুল কদরের (নির্দিষ্ট তারিখ) অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দু’জন মুসলিম ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন: আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার (নির্দিষ্ট তারিখের) পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো।” (বুখারী: ২০২৩) পরবর্তীতে অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদরের রাত তালাশ করো।” (বুখারী: ২০২০)। যদি এটি একটি নির্দিষ্ট রাতে হতো, তবে মানুষ কেবল সেই রাতেই ইবাদত করত। আল্লাহ চেয়েছেন বান্দা অন্তত শেষ দশটি দিন তাঁর দুয়ারে পড়ে থাকুক। এই কঠোর সাধনা বা ‘ইতিকাফ’ বান্দার সাথে মাবুদের সম্পর্কের গভীরতা পরীক্ষা করে। (সূত্র: ফাতহুল বারী, ১০ম খণ্ড)
লাইলাতুল কদরকে খুঁজে পাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো ‘ইতিকাফ’। রমজানের শেষ দশ দিন জাগতিক কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে (মসজিদে) নিজেকে সঁপে দেওয়াকেই ইতিকাফ বলে। রাসুলুল্লাহ (সা.) প্রতি বছর রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। ইতিকাফকারী মূলত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দুয়ারে পড়ে থাকেন। একজন ভিক্ষুক যেমন দাতার দুয়ারে ধৈর্য ধরে বসে থাকলে কিছু না কিছু পায়, তেমনি ইতিকাফকারী ব্যক্তি রমজানের শেষ দশকের সবগুলো বিজোড় রাত ইবাদতে কাটানোর সুযোগ পান। ফলে লাইলাতুল কদর তাঁর মিস হওয়ার সম্ভাবনা থাকে না। অন্য আরেকটি হাদিসে এসেছে— ইবনু উমার (রা.) হতে বর্ণিত যে, “নবী (সা.)-এর কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের সাত রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। (এ শুনে) আল্লাহর রাসুল (সা.) বললেন: আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। (তোমাদের দেখা ও আমার দেখা) শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে।” (১১৫৮, মুসলিম ১৩/৪০)
মহিমান্বিত শান্তিপূর্ণ রাত:
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের পাঁচ নম্বর আয়াতে বলেছেনÑ “শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।” এ রাত হবে দুনিয়ার বুকে সবচাইতে শুদ্ধতম, শান্তিময় ও প্রাকৃতিক দুর্যোগ মুক্ত রাত। প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে নিরাপত্তার বিষয়টি এতটাই নিশ্চয়তাপূর্ণ যে এর চাইতে আর কোনো গ্যারান্টার নেই। কারণ এখানে গ্যারান্টি দিয়েছেন স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। সূরা কদরের শেষ আয়াতের এই অংশটি মূলত লাইলাতুল কদরের অনন্য মহিমা ও প্রশান্তিকে তুলে ধরে। এখানে সালাম বা শান্তি শব্দটি দিয়ে আল্লাহ তাআলা এই রাতের এমন এক নিñিদ্র নিরাপত্তা ও কল্যাণের কথা বুঝিয়েছেন যা সূর্যাস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত বলবৎ থাকে। মুফাসসিরগণের মতে, এই রাতে জিবরাঈল (আ.)-সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হন এবং ইবাদতরত প্রত্যেক মুমিন বান্দার ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমতের দোয়া পাঠাতে থাকেন। এটি এমন এক আধ্যাত্মিক পরিবেশ যেখানে কোনো প্রকার অনিষ্ট বা মন্দের ছোঁয়া নেই; এমনকি শয়তানও এই রাতে মানুষের কোনো ক্ষতি করার সুযোগ পায় না। পুরো রাতটি কেবলই রহমত, মাগফিরাত এবং নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, যা সুবহে সাদিক বা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। অতি সংক্ষেপে বলা যায়, এই বাক্যগুলো মুমিনদের জন্য এক অভাবনীয় প্রশান্তির বার্তা দেয় এবং আধ্যাত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগের ঘোষণা করে।
এই মহিমান্বিত ভাগ্য রজনীর কিছু আলামত হাদিসে বর্ণিত আছে। সেগুলো হলো:
(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মতো। (সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯০; বুখারী: ২০২১; মুসলিম: ৭৬২)
মোনাজাতের ভাষা ও আত্মসমর্পণ:
হাদিসে এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন: যদি আমি শবে কদর পাই, কী দোয়া করব? উত্তরে তিনি বললেন: এই দোয়া করোÑ “হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল। ক্ষমা আপনার পছন্দনীয়। অতএব আমার গুনাহসমূহ মার্জনা করুন।” (তিরমিযী: ৩৫১৩)
এই দোয়ায় ‘আফুউন’ শব্দটির ব্যবহার চমৎকার। এর অর্থ এমন ক্ষমা যা কেবল অপরাধ মুছে দেয় না, বরং অপরাধের চিহ্নটুকুও মুছে ফেলে। অর্থাৎ কদরের রাতে ক্ষমা পাওয়ার অর্থ হলো আল্লাহর খাতায় বান্দার কোনো পাপিষ্ঠ চিহ্ন আর অবশিষ্ট থাকে না। পাশাপাশি এটা যেহেতু ভাগ্য রজনী; ভাগ্য লিপিবদ্ধ করা হয়, সেহেতু আপনার জীবনের হালাল যা চাওয়া-পাওয়া আছে সবকিছুই দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে।
শবে কদরের কিছু গুরুত্বপূর্ণ আমল হলো:
বেশি বেশি দান সদকা করা, নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুল হাজত, নামাজে কিরাত ও রুকু-সিজদা দীর্ঘ করা, কুরআন শরিফের ফজিলতের সূরাসমূহ তিলাওয়াত করা, দরুদ শরিফ বেশি বেশি পড়া, তওবা-ইস্তিগফার অধিক পরিমাণে পাঠ করা, দোয়া-কালাম, তাসবিহ-তাহলিল পাঠ ইত্যাদি করা; এর পাশাপাশি কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা।
যান্ত্রিক এই পৃথিবীতে আমরা যখন জাগতিক দৌড়ে ক্লান্ত, তখন লাইলাতুল কদর আমাদের সামনে আধ্যাত্মিক রিচার্জের সুযোগ নিয়ে আসে। ঝরঝরে জ্যোৎস্নায় স্নাত এই রাতে যখন চারদিকে এক গভীর নীরবতা ও প্রশান্তি বিরাজ করে, তখন আরশের অধিপতি দুনিয়ার আকাশে নেমে আসেন বান্দার ডাক শোনার জন্য। আসুন, এই মহিমান্বিত রজনীকে আমরা অবহেলায় না কাটিয়ে তওবা, ইবাদত আর আর্তনাদে সিক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। এই এক রাতেই বদলে যেতে পারে আমাদের অনন্তকালের ভাগ্য।