বাগেরহাট প্রতিনিধি: ইসলামী ব্যাংকের উপর সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপ, ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এবং ইসলামী ব্যাংকিংখাত ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ২৪ মে রবিবার সকালে বাগেরহাটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন করেছে। এদিন সকাল দশটায় ব্যাংকের শত শত গ্রাহক তাদের দাবি সংবলিত ব্যানার ও বিভিন্ন ব্ল্যাক কার্ড নিয়ে বাগেরহাট শহরের পুরাতন কোর্ট মসজিদ চত্বরে ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখার সামনে জমায়েত হয়।এখানে গ্রাহকগণ কিছুক্ষণ অবস্থান করার পর বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
উক্ত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহকদের হাতে ' ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ কর, করতে হবে', 'আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানিনা মানবো না', 'ব্যাংক লুটেরা এস আলম ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ কর, করতে হবে', 'ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান কে পদত্যাগ করানো চলবে না' ইত্যাদি দাবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বাগেরহাট জেলা আহবায়ক মাওলানা আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত শত শত ব্যাংক গ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাহকগণ হলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল হক ইকু,অধ্যাপক শহিদুল ইসলাম, সমাজসেবক আরিফ শেখ, মাওলানা ইমাদুদ্দিন, ব্যবসায়ী বেলাল হোসেন সহ সহ প্রমুখ গ্রাহক।