• ঢাকা |

তারেক রহমানের বগুড়া শহরের বাড়ি নতুন করে সংস্কার করা হচ্ছে


নিউজ প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, থাকবেন ও নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ কারণে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি সংস্কার কাজ চলছে।
চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান উত্তরাঞ্চলের বগুড়াসহ বিভিন্ন জেলায় সফরকালে বগুড়ায় থাকার কোনো বাড়ি ছিল না। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বাড়ি নির্মাণের জন্য তার শহরের সুত্রাপুরের বাসভবন চম্পা মহলের পাশে ৪ শতক জায়গা দেন। পরে তারেক রহমান ওই জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে তিনি বগুড়ায় বা আশপাশের জেলায় এলে ওই বাড়িতে থাকতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ তিনতলা বাড়িটি তার বগুড়ার ঠিকানা হিসেবে ব্যবহার হতো।
এদিকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেফতার ও পরবর্তীতে লন্ডনে আশ্রয় নেওয়ার পর থেকেই বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘ প্রায় ১৮ বছর সেখানে কেয়ারটেকার বা কেউ বসবাস না করায় দরজা-জানালায় মরিচা পড়ে ও দেয়ালের রঙ উঠে যায়।
আগামীকাল ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন এবং বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এ বাড়ি থেকে প্রচারণা চালাবেন ও বাড়িটি প্রধান নির্বাচনি কেন্দ্র হবে। আবারও নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাড়িটি জমজমাট হয়ে উঠবে। তাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিশ্চিত হওয়ায় বাড়িটির সংস্কার কাজ শুরু হয়েছে।