মোঃ রাশেদুল ইসলাম, খানসামা: দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র ও কোটি টাকা রাজস্ব আদায়ের উৎস পাকেরহাট।সেই বাজারের মধ্যে শাপলা চত্বরের পার্শ্বের যাত্রী ছাউনি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ।৫ই আগষ্টে স্বৈরাচার সরকার পতন হলে এই যাত্রী ছাউনীটি দখল করে নিয়ে জমজমাট ব্যবস্যা-বাণিজ্য করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, গত কয়েকবছর আগে যাত্রীদের দুর্ভোগ লাঘবের লক্ষে সরকারি অর্থায়নে পাকেরহাট নির্মাণ করা হয় যাত্রী ছাউনিটি। যাত্রীরা ওই স্থানে রোদ, বৃষ্টি এবং রেস্ট নেওয়া গাড়ী আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে অপেক্ষা করতেন।
বিশেষ করে যাত্রীরা যাতে রোদ-বৃষ্টির মধ্যে নিরাপদে যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে পারেন সেই লক্ষে ওই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখার অভাবে স্বৈরাচার সরকার পতনের পর কতিপয় অসাধু ব্যবসায়ী ওই সকল যাত্রী ছাউনি দখল করে ব্যবসা-বাণিজ্য করছে।
ভুক্তভোগী যাত্রী আব্দুল কাদের বলেন, আগে স্ট্যান্ডে গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে বা দাঁড়ায়ে থাকতে পারতাম। কিন্তু বর্তমানে তা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বিশেষ করে এ ক্ষেত্রে মহিলা যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রী ছাউনী পরিনত হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়িক কাজে। ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। পথচারী ও যাত্রীরা বলছেন, “যাত্রীদের জন্য ছাউনী করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।”
প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়ে চলেছে। এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান সরকার বলেন, এই যাত্রী ছাউনি নিয়ে পাকেরহাট হাট ইজারাদারের সাথে কথা বলছি।আমরা অতিশীঘ্রই এটা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।