• ঢাকা |

ক্লারিয়ন কলের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী


নিউজ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক: ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কল। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ‘৪র্থ ক্লারিয়ন কল ও-লেভেল ও এ-লেভেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ তাদের পুরস্কার, স্মারক, সনদ ও উপহারসামগ্রী দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং ক্লারিয়ন কলের কর্মকর্তা ও বিভিন্ন শাখার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল অভিভাবকেরা সমাজের জন্য আশীর্বাদ এবং শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে ভালো বন্ধু। একজন মানুষের বেড়ে ওঠার পেছনে সমাজের বহু মানুষের অবদান থাকে। তাই ভবিষ্যতে শিক্ষার্থীদেরও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।

তিনি বলেন, জীবনে বড় হতে হলে নানা বিষয়ে শেখার পাশাপাশি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব কাজের সম্পর্ক স্থাপন জরুরি। নিজের পছন্দের কাজ করার পাশাপাশি বৃহত্তর সমাজের কল্যাণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক সাদ বিন হুসেইন। তিনি বলেন, মেধাবীদের সম্মাননা জানানো এবং জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্ম নতুন পৃথিবীতে নবউদ্যমে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাদ বিন হুসেইন আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শুধু অংশগ্রহণ নয়, মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জনের জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সাবেক ডিন ড. এ. কে. এম. ওয়ারেসুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এ বি এম গোলাম মোস্তফা, এলডিএমসি, পিএসসি।

যায়েদ রুসাফীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞানচর্চা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানটির যৌথ স্পনসর ছিল রেটিনা, ইস্তাম্বুল হোটেল, এডুমেক্স কনসালটেন্সি, জেনজি এবং সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি)।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে আসছে ক্লারিয়ন কল। ‘Share your views, change the world’ স্লোগানকে ধারণ করে ম্যাগাজিনটি কিশোর ও তরুণদের বিকাশ ও ক্ষমতায়নে কাজ করছে। ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো আয়োজনটির চতুর্থ পর্ব।