• ঢাকা |

প্রেসক্লাবে ছাত্রকল্যাণ পরিষদের মানববন্ধন: মাদ্রাসা শিক্ষার সংকট মেটাতে ৫ দফা দাবি


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাব্বির হোসাইন: মাদ্রাসা শিক্ষার বিদ্যমান নানা সমস্যা দূর করা, এনটিআরসিএ-এর শিক্ষক নিয়োগের জটিলতা নিরসন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারীকরণ, সব স্তরে শিক্ষক ঘাটতি মেটানো, দাখিল ও আলিম পরীক্ষায় একই প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত রদ এবং মাদ্রাসা শিক্ষার নিজস্ব ঐতিহ্য ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে মূল বক্তাসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর ও সাহিত্য সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইমরান হোসাইন, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী)-এর উপদেষ্টা মঈনুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আহ্বায়ক আবদুল আলিম, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী)-এর আহ্বায়ক তোফায়েল আহমেদ, দারুন্নাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার আহ্বায়ক আনাস তানভীর, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার আহ্বায়ক সাব্বির খান ও নেসারিয়া কামিল মাদ্রাসার আহ্বায়কসহ পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
​মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষাকাঠামোর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্বতন্ত্র অংশ হলো মাদ্রাসা শিক্ষা। তবে দীর্ঘ সময় ধরে এ খাতটি নানা সংকট, প্রশাসনিক অবহেলা, শিক্ষকস্বল্পতা ও বৈষম্যের শিকার হচ্ছে। বিশেষত এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগে নানা বাধা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ না হওয়া এবং দাখিল ও আলিমে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষার মৌলিক কাঠামোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এসব জটিলতা নিরসনে দ্রুত সরকারি পদক্ষেপ দাবি জানান তাঁরা।
​বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উত্থাপিত ৫ দফা দাবি:
​১. এনটিআরসিএ নিয়োগের বাধা দূরীকরণ: এনটিআরসিএ-এর শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা অবসান ঘটিয়ে নিবন্ধিত যোগ্য প্রার্থীদের দ্রুত পদায়নের ব্যবস্থা করতে হবে।
২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারীকরণ: দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণ করে শিক্ষক-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
৩. শিক্ষক ঘাটতি পূরণ: ইবতেদায়ী থেকে শুরু করে কামিল পর্যায় পর্যন্ত মাদ্রাসাগুলোর সকল শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৪. অভিন্ন প্রশ্নপত্রের সিদ্ধান্ত প্রত্যাহার: দাখিল ও আলিম পরীক্ষায় সাধারণ ধারার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা বাতিল করে মাদ্রাসা পাঠ্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণ পৃথক প্রশ্নপদ্ধতি বহাল রাখতে হবে।
৫. মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্বকীয়তা রক্ষা: এই ধারার শিক্ষার মান বৃদ্ধি, কাঠামোগত ঐতিহ্য সংরক্ষণ এবং সব ধরনের বৈষম্য দূর করতে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
​সংবাদ সম্মেলনের শেষে পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি এসব যৌক্তিক দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জোরালো জোর দাবি জানান এবং মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।