রায়হান আহমেদ, ময়মনসিংহ: দেশের ক্রীড়া ও শারীরিক শিক্ষা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ময়মনসিংহ। এটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত।
কলেজ সূত্রে জানা যায়, প্রশাসনিক কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে । প্রশাসনিক কর্মচারীর সংকটের কারণে পাঠদান, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে।
অন্যদিকে একটি মাত্র হোস্টেলের ভবনেই পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের থাকতে হচ্ছে। এতে মহিলা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ভোগে থাকে। তাই মহিলা শিক্ষার্থীদের আলাদা একটি হোস্টেল ভবন স্থাপন করা জরুরী বলে কলেজ সূত্রে জানা যায়।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান, আমাদের মোট ৯ জন শিক্ষক ও ৩ জন স্টাফ রয়েছে। পরিচ্ছন্ন কর্মীরও সংকট রয়েছে। জনবল ঘাটতির কারণে আমাদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
এতো প্রতিকূল অবস্থানে থেকেও আমরা বিপিএড কোর্সসহ অন্যান্য ক্রীড়া কোর্স সম্পন্ন করে যাচ্ছি। আমাদের এ প্রতিষ্ঠান থেকে বিপিএড কোর্স করে প্রায় শতভাগ শিক্ষার্থী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজে শারীরিক শিক্ষক ও প্রভাষক হিসেবে চাকরি পাচ্ছে।
অধ্যক্ষ মাহতাব উদ্দিন আরো জানান, কলেজটির জনবল কাঠামো দ্রুত পূরণ এবং হোস্টেল সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষা ও প্রশিক্ষণের মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, দেশের ক্রীড়া অঙ্গনের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।