মোঃ তানজু আহমেদ, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রানার বিরুদ্ধে।
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলীয় নেতারা। অভিযুক্ত জালাল উদ্দীন রানা উপজেলার বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
অভিযোগ উঠেছে, উপজেলার চরমোহনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছবর আলী হাজী বাড়ির বাসিন্দা মরিয়ম বেগমকে বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এছাড়া নাম প্রকাশে না করার শর্তে কয়েকজন বৃদ্ধা অভিযোগ করেন, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে জালাল উদ্দীন রানা তাদের কাছ থেকেও ২ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন।
ভুক্তভোগী মরিয়ম বেগমের স্বামী শরীফ হোসেন বলেন, অনেক কষ্ট করে ও ধারদেনা করে দুই হাজার টাকা দিয়েছি। বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে জালাল টাকা নিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দীন রানা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি একটি ষড়যন্ত্র। অভিযোগকারীদের কাউকেই আমি চিনি না।
এ বিষয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মামুন বলেন, বিষয়টি আমি মাত্র জেনেছি। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও করা হতে পারে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক কাউছার মোল্লা বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে বহিষ্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এই ধরনের অর্থলেনদেনের বিষয়ে আমরা জানি না, তবে কেউ এমন প্রতারণা করলে আমাদের পরামর্শ থাকবে তারা যেনো থানা অভিযোগ করেন।