• ঢাকা |

ভোলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নৌবাহিনীর অভিযান


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আব্দুল মান্নান, ভোলা: আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ভোলার সাতটি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন উপজেলায় নির্বাচনকালীন ডেপুটেড কন্টিনজেন্টগুলো তাদের রুটিন অনুযায়ী ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নির্বাচনী এলাকা-১১৬, ভোলা- ২ এর দৌলতখান উপজেলায় কার্যক্রম পরিচালনার জন্য নৌবাহিনী একটি কনটিনজেন্ট বাংলাবাজারস্থ টিটিসি'তে (টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে) ক্যাম্প স্থাপন করেছে। এই ক্যাম্প থেকে দৌলতখান-বোরহানউদ্দিন নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে প্রয়োজন মত সুস্থ নির্বাচন ও জনগণের জান মাল নিরাপত্তার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন কর্মরত কন্টিনজেন্ট কমান্ডার।

শনিবার দুপুর ১২টায় নৌবাহিনীর একটি দল বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে। এরপর দৌলতখান পৌরসভায় তাদেরকে টহল দিতে দেখা যায়। টহলকালে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে বাংলাবাজার এবং দৌলতখানে ব্যবসায়ী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময়ে পুলিশ টীম সাথে নিয়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে চেকপোষ্টের মাধ্যমে টহল-তল্লাশি চালিয়ে যাচ্ছে নৌবাহিনী।

এখানে প্রায় প্রতিদিন ভোলা-ইলিশা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এবং উপজেলার বিভিন্ন স্থানে এ টহল-তল্লাশি চালানো হচ্ছে।

নৌ- বাহিনীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র পর্যালোচনা করা হয় এবং পরিবহনে যাতায়াতকারী জনগোষ্ঠি বা মালামাল, মোটরসাইকেল, সিএনজি, ট্রাক, প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এছাড়াও নৌবাহিনীর বিভিন্ন রকম অপারেশনাল কর্মকান্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অস্ত্র, মাদক, অবৈধ মালামাল প্রতিরোধের মত গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভোলা জেলায় মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন-যাপনের জন্য নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার।