শাহজাহান মিয়া সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত রোববার (১২ জুলাই) জামায়াতে ইসলামী শান্তিরাম ইউনিয়ন সমাজসেবা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।'
তিনি আরও বলেন, 'গাছ লাগানো একটি ইবাদত ও মানবকল্যাণমূলক কাজ। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা ইউনিটের পরিচালক মো. জাহিদ হাসান রনি, সভাপতি মো. শেখ ফরিদ, সহ-সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি মো. শফিউল ইসলাম সুমন, সহ-সেক্রেটারি শাহ জালাল এবং সদস্য মো. ফারিকুল ইসলাম ও মো. রিয়াজুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
শেষে বক্তারা প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ, সুস্থ জীবন ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।