• ঢাকা |

রিহ্যাব নির্বাচন ঘিরে উত্তাপ: জাতীয় প্রেস ক্লাবে প্রার্থীদের জরুরি সংবাদ সম্মেলন


নিউজ প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: আসন্ন রিহ্যাব নির্বাচন (২০২৬–২০২৮)কে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ।
সংবাদ সম্মেলনে আসন্ন রিহ্যাব নির্বাচনে ৪জন সভাপতি প্রার্থীর মধ্যে ৩জন সহ বিভিন্ন প্যানেলের বিপুল সংখ্যক পরিচালক প্রার্থী  উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে কিছু অনিয়ম ও অস্পষ্টতা তৈরি হয়েছে, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকার যথার্থতা এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রার্থীরা বলেন, রিহ্যাবের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পুরো রিয়েল এস্টেট খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এসব ইস্যুর সমাধান এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যদি তাদের উত্থাপিত দাবি ও উদ্বেগের যথাযথ সমাধান না করা হয়, তবে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল ২০২৬ রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।