সাইফুল ইসলাম সুমন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে যানজট নিরসনে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। তবে হকার উচ্ছেদের পরও যানজটের বড় কারণ হিসেবে দেখা দিয়েছে সড়কের পাশে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের অবৈধ পার্কিং এবং যাত্রী ওঠানামা। ফলে ফুটপাত দখলমুক্ত হলেও নগরীর যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ নগরবাসীর।
নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বর, রাজগঞ্জ রোড, কান্দিরপাড় মসজিদের সামনে, টমছমব্রিজ, রাজগঞ্জ, রাণীর বাজার, বাদশা মিয়ার বাজার, চকবাজার, শাসনগাছা ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ও ফুটপাতের ওপর সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও চালকরা সড়কের মাঝখানেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
বিশেষ করে ব্যস্ত মোড় ও বাজার এলাকায় কয়েকটি যানবাহন একসঙ্গে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সড়কের একটি অংশ কার্যত অচল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনসহ সব ধরনের যানবাহনের চলাচলে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও পথচারীরা।
টমছমব্রিজ এলাকায় সড়কের মাঝখানে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী তুলতে দেখা যায় এক চালককে। সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলার কারণ জানতে চাইলে ওই অটোরিকশাচালক বলেন, সমস্যা নাই, ওই সাইডে তো জায়গা আছে, গাড়ি যেতে পারবে।
এ বিষয়ে জাহিদ নামের এক যাত্রী বলেন, সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজটের সৃষ্টি হয়। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের সেক্রেটারি রোটা. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, যানজট নিরসনে শুধু হকার উচ্ছেদ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ফুটপাত ও সড়কের পাশে যত্রতত্র যানবাহন দাঁড় করানো এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীতে নির্দিষ্ট স্থানে সিএনজি পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে চালকদের রেজিস্ট্রেশনের কাজ চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। যারা রেজিস্ট্রেশনের আওতায় আসবে, তারাই নগরীতে অটোরিকশা চালাতে পারবেন। রেজিস্ট্রেশনবিহীন কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না। অসদুপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।