• ঢাকা |

বেরোবিতে দুই দিনব্যাপী শিবিরের প্রকাশনা উৎসব, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজন ও কার্যক্রমের মাধ্যমে উৎসবটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকরা জানান, উৎসবটি ১৮ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

উৎসবকে ঘিরে বিভিন্ন আকর্ষণীয় কর্নার স্থাপন করা হয়। এর মধ্যে ছিল—ফ্রি ব্লাড গ্রুপিং সেবা, যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ দেওয়া হয়; কফি কর্নার, যেখানে আগত দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়; সমর্থক বুথ, যার মাধ্যমে সংগঠনের সমর্থক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া সাহিত্য কর্নারে ইসলামী সাহিত্য ও বিভিন্ন বইয়ের পর্যালোচনা, প্রকাশনা কর্নারে সংগঠনের বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী করা হয়। একইসঙ্গে কর্মী, সাথী, সদস্য ও স্কুল পর্যায়ের জন্য আলাদা আলাদা সিলেবাস কর্নার স্থাপন করে শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়।

উৎসবে জুলাইয়ের শহীদ আবু সাঈদকে স্মরণ করে একটি ফটোগ্রাফি কর্নারও স্থাপন করা হয়। সেখানে বিভিন্ন অনুপ্রেরণামূলক ও প্রতিবাদী লেখা প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজক কমিটির বেরোবি শাখার সভাপতি মোঃ সুমন সরকার বলেন, নববর্ষকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তা, নৈতিকতা ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য শিবলী সাদিক বলেন, আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে তারা বই, সেবা ও মূল্যবোধ—সবকিছু একসঙ্গে পাবে।

সার্বিকভাবে উৎসবটি শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে এবং জ্ঞানভিত্তিক কার্যক্রমে তাদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করেছে।