মনছুর আলম, পাবনা : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে এ ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। নতুন এই রেল যোগাযোগ চালু হওয়ায় পাবনাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হওয়া এ উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, পাবনাবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দঘন মুহূর্ত। স্বল্পতম সময়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় রেলযাত্রা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি জনগণ যে আস্থা রেখেছেন, এই উদ্যোগের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করা হয়েছে। বাংলাদেশের রেলসেবার মান ও যাত্রীসুবিধা আরও উন্নত এবং নিরাপদ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
পরে মন্ত্রী ফিতা কেটে পাবনা থেকে ঢাকাগামী সরাসরি ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ২০ নভেম্বর ঢাকা থেকে ‘গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন ২১ নভেম্বর থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ‘গোধূলি এক্সপ্রেস’ ছেড়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুসহ রেলওয়ে ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলসচিব ফাহিমুল ইসলাম।
পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। নতুন এই রেল যোগাযোগ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।