• ঢাকা |

লালমনিরহাটে বিএনপি–জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ২০


নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

লালমনিরহাট সংবাদদাতা: প্রচার–প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণাকে ঘিরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াত একে অপরকে দোষারোপ করছে।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুর হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে জামায়াত নেতা হাবিবুর রহমান ছাতা অভিযোগ করে বলেন, “বিনাউস্কানী এলাকায় জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজন জামায়াত কর্মীকে মারধর করে আহত করেছে।” এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।