বিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা বরখাস্তের আদেশে বলা হয়েছে, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাঁকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাঁর বি.এড. সনদের সত্যতা এবং এমপিওভুক্তির যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগগুলো তদন্তের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের উপস্থিতি রেজিস্টার, সংশ্লিষ্ট নথিপত্র, কারণ দর্শানোর নোটিশসহ প্রাসঙ্গিক কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেয়।
পরে পরিচালনা কমিটির সভায় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বি.এড. সনদের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মেহেদী মাসুদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় তাঁর চাকরিসংক্রান্ত অধিকার, প্রাপ্য সুবিধা ও অন্যান্য বিষয় প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত হবে।
উল্লেখ্য, মো. দেলোয়ার হোসেন ২০২৩ সালে বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ওই সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রহিমা খানম নিয়োগ বোর্ডের সদস্যসচিব ছিলেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।