• ঢাকা |

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বহাল থাকল, ইসির আপিল নামঞ্জুর


নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত বাধা থাকল না।
‎কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি শেষে সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়। এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
‎তুরস্কের দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের আবেদন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। রোববার ছিল নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সব আপিলের সিদ্ধান্ত হলেও কায়কোবাদের বিষয়ে রায় স্থগিত রাখা হয়। সোমবার শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন নামঞ্জুর করে কমিশন। এতে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।
‎২০০৪ সালের আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কায়কোবাদ আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ ওই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
‎তবে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় বাতিল করে কায়কোবাদসহ সব আসামিকে খালাস দেন।
‎২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পর দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন কায়কোবাদ। কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ নভেম্বর ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। পরে রাজনৈতিক বিবেচনার কথা উল্লেখ করে আবেদনের মাধ্যমে সেই রেড নোটিশ প্রত্যাহার করান তিনি। ‎এরপর তিনি কিছুদিন সৌদি আরব এবং কিছুদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন বলে জানা যায়। 
দীর্ঘ ১৩ বছর পর ২০২৪ সালের ২৮ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।