এম এ মান্নান, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদাল। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে ৪টি ইটভাটাকে জরিমানা করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তররের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তোতা মিয়া বলেন, মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিধান পরিচালনা করা হয়। এ সময় উপজেলাধীন দক্ষিন আইচা থানার উত্তর চর মানিকা ইউনিয়নের মেসার্স আঁকন্দ ব্রিক ফিল্ড এর মালিক মোঃ জিয়াউল হক আঁকনকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করে। একই অপরাধে ঐ এলাকার সাইদুল ইসলাম সোহাগ এর মালিকানাধীন মেসার্স রাত্রি ব্রিকসকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা এবং মোঃ মিজান কাজীর মালিকানাধীন মেসার্স মিজান ব্রিকসকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই দিন শষিভূষন থানাধীন উত্তর আইচা এলাকায় অবস্থিত মোঃ হাসনাইন এর মালিকানাধীন মেসার্স চমক প্লাস ব্রিকসকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় ইটভাটাগুলোর ড্রাম ও চিমনী গুঁড়িয়ে এবং আগুন নিভিয়ে কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম ও মোঃ আবু রায়হান। বাংলাদেশ নৌবাহিনীর একটি টীম, একটি পুলিশ টীম এবং চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের একটি টীম মোবাইল কোর্টের কাজে সহযোগিতা করেন ।
এক প্রশ্নের উত্তরে তোতা মিয়া বলেন,”এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।