• ঢাকা |

খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ


নিউজ প্রকাশের তারিখ : ১০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: মফিদুল ইসলাম সরকার: রাজধানীর খিলগাঁও এলাকায় উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ফ্রি মিটআপ। উদ্যোক্তাদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
শনিবার (৯ মে ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খিলগাঁওয়ের রঁদেভু পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নারী ও পুরুষ উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। খিলগাঁওসহ ঢাকার বিভিন্ন এলাকা এবং ঢাকার বাইরে রাজশাহী থেকেও উদ্যোক্তারা এতে অংশ নেন।
মিটআপের অন্যতম আকর্ষণ ছিল—অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি না থাকা। সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পেয়ে উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের পণ্যের স্যাম্পল ও বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনের সুযোগও পান, যা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সংযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ব্যবসায়িক আলোচনার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা রাখা হয়। সেখানে উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক আইডিয়া, পারস্পরিক সহযোগিতা, মার্কেটিং কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা হিরা মনি বলেন, “সকল উদ্যোক্তাকে এক ছাদের নিচে এনে পরিচিতি ও সহযোগিতার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই একসাথে তৈরি হোক উদ্যোক্তাদের পথচলা।”
অনুষ্ঠানের সঞ্চালনাও করেন উদ্যোক্তা হিরা মনি। এ আয়োজনের অন্যান্য আয়োজক ছিলেন পারভীন শিরিন ও কামরুন নাহার রুচি।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোক্তা-বান্ধব আয়োজন অব্যাহত থাকবে, যাতে নতুন উদ্যোক্তারা নিজেদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িকভাবে আরও এগিয়ে যেতে পারেন।
শেষে “এক হোক সকল উদ্যোক্তা” এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।