সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া জামে মসজিদের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর থেকে বিলপুটিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের মক্তবের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ইসলামিক শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক বিভিন্ন পরিবেশনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ দসময় বিলপুটিয়া গ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলপুটিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রায়হান। এছাড়া মসজিদের মক্তবের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিলপুটিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রায়হান বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই পবিত্র কোরআন শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আমরা আশা করি।”
পরে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে সকালবেলার খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।