• ঢাকা |

যাকাতকে হেয় করে নিলোফার মনির ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে ছাত্রশিবিরের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি


নিউজ প্রকাশের তারিখ : ২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ইসলামের অন্যতম ফরজ ইবাদত যাকাতকে অবমাননা করার অভিযোগে বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি তার বক্তব্যকে “ধৃষ্টতাপূর্ণ" ও “ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী" হিসেবে উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

শনিবার (২ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি যাকাতকে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করেন এবং চাঁদাবাজিকে এর তুলনায় ‘উত্তম' হিসেবে উল্লেখ করেন, যা অত্যন্ত নিন্দনীয়।

ছাত্রশিবির নেতারা বলেন, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর বিপরীতে চাঁদাবাজি একটি গুরুতর অপরাধ, যা অন্যায় ও জুলুমের প্রতীক। এই দুইয়ের তুলনা করা শুধু অযৌক্তিকই নয়, বরং ধর্মীয় মূল্যবোধের অবমাননা।

বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণ দেশকে চাঁদাবাজিমুক্ত করার প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পূর্ববর্তী সরকারের সময়কার চাঁদাবাজির ক্ষেত্রগুলো এখনো বিদ্যমান, শুধু নিয়ন্ত্রণকারীরা পরিবর্তিত হয়েছে।

সংগঠনটি অভিযোগ করে, রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে চাঁদাবাজির পক্ষে এমন বক্তব্য প্রদান দেশের রাজনৈতিক সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।

বিবৃতির শেষাংশে ছাত্রশিবির নেতারা বলেন, দেশের প্রচলিত আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দণ্ডনীয় অপরাধ। তারা নিলোফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কাছে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর দাবি এবং প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।