• ঢাকা |

আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় সরকার ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে: মঞ্জু


নিউজ প্রকাশের তারিখ : ২০ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ, অভিযোগ এবি পার্টি চেয়ারম্যানের; সুনামগঞ্জে এবি যুব পার্টির ৩১ সদস্যের কমিটি ঘোষণা

সুনামগঞ্জ, ২০ নভেম্বর: আওয়ামী লীগের সন্ত্রাসবাদ আরও বাড়লে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলায় ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, “আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।”

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলেন তরুণ ও যুবসমাজ। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণআন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে যুবকদের ত্যাগ ও ভূমিকা ছিল বিজয়ের অন্যতম প্রধান শক্তি।

তবে তরুণরা রাজপথে যতটা সফল, ক্ষমতার কেন্দ্রে তাদের সাফল্য ততটা দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সমান দক্ষতা ও সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঞ্জু বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে আওয়ামী লীগ আবার পুরোনো ধারার রাজনীতিতে ফিরে আসতে চায়। কিন্তু জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর কারণেই দলটির শোচনীয় পতন হয়েছিল—এ কথা তাদের মনে রাখা উচিত।

সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা জীবন উৎসর্গ করেছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।

তিনি বলেন, দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে। অথচ তরুণদের ভূমিকা হওয়া উচিত নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে অবদান রাখা।

প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।

বিশেষ অতিথি এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী গোষ্ঠী গুম, খুন ও অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকারও মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না। এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন ও যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান।

নবগঠিত কমিটির নেতারা সুনামগঞ্জের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমাধান এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।