• ঢাকা |

সোলার যন্ত্রাংশে কর প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ২৩ মে ২০২৬ সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে জনসমাগম ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরের টাউন হল জুলাই চত্বরে এ কর্মসূচির আয়োজন করে অন্যচিত্র ফাউন্ডেশন, CLEAN এবং BWGED।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বাড়ছে। এর মধ্যে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। কিন্তু উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য সোলার প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়ছে।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে সোলার প্রযুক্তিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। কিন্তু বর্তমান কর কাঠামো এ খাতের বিকাশকে বাধাগ্রস্ত করছে।

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্টের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই সরকারকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়াতে হবে।

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্ট এর  সাধারণ সম্পাদক মোস্তফা মো: খায়রুল আলম তুহিন বলেন, সোলার যন্ত্রাংশে উচ্চ কর আরোপের ফলক্ষুদ্র উদ্যোক্তা ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিচ্ছন্ন জ্বালানির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে।
উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশ, সহজ ঋণ ও বিশেষ প্রণোদনা নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।